নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা হাতিরভিটাএলাকার বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনা ও বিভিন্ন পূজা-পার্বণ উদ্যাপনের একটি গুরুত্বপূর্ণ স্থান।
দীর্ঘদিনের ব্যবহার ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে মন্দিরটির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। ধর্মীয় উপাসনা ও পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মন্দিরটির প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্দির কমিটির সভাপতি শ্রী বিমল রায় এবং সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় মন্দিরটির উন্নয়ন ও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্দিরটির সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
মন্দির কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের সংস্কার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।