হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। শুক্রবার (২২ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তানোর থানার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এসআই মোঃ মাসুদ আলী ও এসআই মোঃ আবু নাঈম সঙ্গীয় অফিসার ফোর্সসহ তানোর থানাধীন তালন্দ বাজারের ধানহাটি মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ঢাকা মেট্রো-ট-২০-৪৫৩০ নম্বরের ট্রাকটির বোনাটের ডান পাশের চেম্বারের ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা এবং ব্যবহৃত ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক রনিউর রহমান (৩৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম- মহানন্দখালি উত্তরপাড়া এবং হেলপার ইমন আলী (২৪), পিতা- মোঃ ইনতাজ আলী, গ্রাম- পুঠিয়া পাড়া, উভয় থানা- পবা, জেলা- রাজশাহীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। মাদক পাচারের সঙ্গে তাদের কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্যও নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়রা জানান, তানোর উপজেলার বিভিন্ন সড়ক ব্যবহার করে মাঝে মধ্যেই মাদক পরিবহনের চেষ্টা করা হয়। তবে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতায় অনেক সময় এসব চোরাচালান ব্যর্থ হচ্ছে। এলাকাবাসী মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
তানোর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।