মোহাম্মদ ইকবাল হোসেন
বুড়িচং (কুমিল্লা), ২ আগস্ট, জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ৫ জুলাইয়ের শহীদ এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ।
রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কারা নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন জুলাই কারা নির্যাতিত নেতা মো. মাহবুবুর রহমান মাসুম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলাই কারা নির্যাতিত নেতা আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, কবির হোসেন, চেয়ারম্যান বিআরডিভি এবং অন্যান্য জুলাই কারা নির্যাতিত নেতারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মাস্টার, বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, মাহবুব আলম খোকন, বাদল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।