মোঃ জামাল হোসেন
স্টাফ রিপোর্টার:
আজ আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন জাতির অন্তরে উদ্বেগ, অনিশ্চয়তা আর বিভ্রান্তি বিরাজ করছে। চারপাশে যেন এক অদৃশ্য অস্থিরতার ছায়া নেমে এসেছে। রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা—সব ক্ষেত্রেই দেখা দিচ্ছে টানাপোড়েন। মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের সংকট দিন দিন গভীর হচ্ছে। এই পরিস্থিতি নিঃসন্দেহে জাতির জন্য এক দুরসময়।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—যে জাতি ধৈর্য, ঐক্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে চলে, তারা কোনো দুরবস্থার মাঝেই হার মানে না। সংকট যত গভীর হয়, ততই নতুন আলোর দ্বার উন্মোচিত হয়। তাই হতাশ না হয়ে আমাদের এখন প্রয়োজন ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।
আমাদের সবার মনে রাখতে হবে, কোনো জাতির উন্নতি ও শান্তি কেবল সরকারের ওপর নির্ভর করে না—বরং প্রতিটি নাগরিকের দায়িত্ববোধ ও সততার সঙ্গে জড়িত। যখন আমরা অন্যায়ের প্রতিবাদ করব, সত্যকে ধারণ করব, আর নৈতিক মূল্যবোধে অটল থাকব—তখনই সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে।
জাতির এই দুরসময় থেকে উত্তরণের জন্য আমাদের প্রথম করণীয় হলো—নিজ নিজ জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করা। শিক্ষক সত্যিকারের শিক্ষক হয়ে উঠবেন, ছাত্র প্রকৃত ছাত্র হিসেবে পড়াশোনায় মনোযোগী হবেন, ব্যবসায়ী ন্যায়পরায়ণতার সঙ্গে ব্যবসা করবেন, আর রাজনীতিবিদ হবেন জনগণের সেবক। এভাবেই একটি সুস্থ সমাজব্যবস্থা গড়ে ওঠে।
সবচেয়ে বড় বিষয় হলো—আমাদের আল্লাহর দিকে ফিরে আসা। মহান আল্লাহপাকের কাছে আন্তরিক প্রার্থনা করা দরকার, যেন তিনি আমাদের দেশ ও জাতিকে রক্ষা করেন, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দেন। কারণ প্রকৃত শান্তি তাঁর কাছ থেকেই আসে।
আমাদের জাতি বহুবার সংকট মোকাবিলা করেছে, আবারও পারবে—যদি আমরা ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করি। আজকের এই অন্ধকার কেটে যাবে, ভোরের আলো আসবেই—এই বিশ্বাস আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে।
✍️ লেখক
**মোঃ শাহজাহান বাশার**
সাংবাদিক ও কলামিস্ট