ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ — তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যাপক জরিমানা, পাইপলাইন অপসারণ এবং সংযোগ বিচ্ছিন্ন করেছে। গত ১৩ আগস্ট নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জয়দেবপুর, সাভার, গাজীপুর ও ঢাকা মেট্রোসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ আঞ্চলিক ভিজিল্যান্স টিম ফতুল্লা ও মুন্সিগঞ্জে দুটি স্থানে অভিযান চালিয়ে কয়েকটি গ্রাহকের অনুমোদনবহির্ভূত ৬০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করে। মুন্সিগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১১০ ফুট পাইপ জব্দ করা হয়।
নরসিংদীতে একটি অবৈধ চুন কারখানার ৫টি ভাট্রির ২২টি বার্নার বিচ্ছিন্ন ও ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। টাঙ্গাইলে ১৯১টি অবৈধ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন, ৬৮০ ফুট পাইপ জব্দ এবং ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়দেবপুর ও টংগী এলাকায় প্রায় ৫৫০ বাড়ির ৬০০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ২৫০ ফুট পাইপ ও ১০০ ফুট হোস পাইপ জব্দ করা হয়। সাভার ও গাজীপুরে ৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৪৪টি রেগুলেটর জব্দ এবং ১০ লাখ ১২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।
ঢাকার কামরাঙ্গীরচরে ৪টি খানাডুলি কারখানা ও কয়েকটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ৪৬০ ফুট পাইপ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তিতাস গ্যাস জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৯৬টি শিল্প, ৩৩৯টি বাণিজ্যিক ও ৬৪,৫৬২টি আবাসিকসহ মোট ৬৫,১৯৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ১,২৩,৮৯০টি বার্নার অপসারণ করা হয়েছে। এছাড়া ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন জব্দ করা হয়েছে।