মোহাম্মদ ইকবাল হোসেন
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বুড়িচং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুড়িচং পৌরসভার হতাশার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হতাশার মোড়ে জড়ো হন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর
রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাওসার সবুজ চেয়ারম্যান, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক এবং বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা, বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনই দলের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বুড়িচং এলাকা।