শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে প্রথমবারের মতো ‘কৃতি হাফেজে কুরআন সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) দুপুর ২টায় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সভাপতি মামুন হোসেন। যৌথ সঞ্চালনায় ছিলেন আকিব মাহমুদ, খোকন মুহাম্মদ রিয়ান ও শরিফ বিন আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে প্রভাষক জহিরুল ইসলাম “তথ্যপ্রযুক্তির যুগে কোরআনের হাফেজ: দ্বীনি পরিচয় অটুট রেখে দক্ষতা অর্জনের পথ” শীর্ষক বিষয়ে আলোচনা করেন। এছাড়া আব্দুল আউয়াল মিসবাহ “আদর্শ সমাজ বিনির্মাণে হাফেজে কোরআনের ভূমিকা ও করণীয়” বিষয়ে বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে মাওলানা আশরাফুজ্জামান “হাফেজে কোরআনের মর্যাদা ও করণীয়” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার উপদেষ্টা সামিউল কিবরিয়া তালুকদার, শামছুদ্দিন আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম এবং মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের উপস্থিত ১০২ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা। সংবর্ধনা পেয়ে হাফেজগণ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, কোরআনের হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।