আহমেদ আকবর
সিলেট
দক্ষিণ সুরমার খোজার খলায় অবরুদ্ধ বহু পরিবার, স্থায়ী সমাধান চান স্থানীয়রা
সিলেটে মাত্র কয়েক ঘণ্টার ভারি বর্ষণেই আবারও চেনা রূপে ফিরেছে জলাবদ্ধতার দুর্ভোগ। গতকাল ৪ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত হওয়া টানা তীব্র বৃষ্টিপাতে সিলেট সিটি করপোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডের সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং পানি নিষ্কাশন পথ অবরুদ্ধ থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের।খোজার খলায় বাসাবাড়ির সামনে পানি, চরম ভোগান্তিসবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের খোজার খলা এলাকার বেশির ভাগ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। আকস্মিক এই জলাবদ্ধতায় খোজার খলা এলাকার বহু পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে পড়েছেন। সন্ধ্যার পর পানি হু হু করে বাড়তে থাকায় অনেকেই ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে হিমশিম খান।স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত থেকে শুরু হওয়া এই পানিবন্দি দশার কারণে আজ দিনভর চরম কষ্টের মধ্যে সময় পার করছেন দক্ষিণ সুরমাবাসী। রাস্তাঘাট তলিয়ে থাকায় জরুরি প্রয়োজনেও মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী মানুষদের দুর্ভোগ এখন চরমে।ক্ষোভ ও স্থায়ী সমাধানের দাবিটাকা খরচ করে ড্রেন ও ছড়া পরিষ্কারের পরও কেন বারবার এই জলাবদ্ধতা—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণেই সামান্য বৃষ্টিতেই দক্ষিণ সুরমার বিস্তীর্ণ এলাকা পানিতে ভেসে যায়।
খোজার খলা এলাকার স্থানীয় বাসিন্দারা সিলেট
সিটি করপোরেশনের (সিসিক) আব্দুল কাইয়ুম চৌধুরী দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সাময়িক কোনো আশ্বাস চাই না। দক্ষিণ সুরমাবাসীকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে সিসিক কর্তৃপক্ষকে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করে এই সমস্যার একটি স্থায়ী ও টেকসই সমাধান বের করতে হবে।
আবহাওয়ার পূর্বাভাস ও শঙ্কাএদিকে সিলেট আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে আগামী আরও কয়েক দিন মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে চলমান জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার শঙ্কা রয়েছে। দুর্ভোগের হাত থেকে বাঁচতে দ্রুত সিসিকের পরিচ্ছন্নতা টিমকে মাঠে নামানোর জোর দাবি জানিয়েছেন নগরবাসী।