মোঃ আজিজুল গাজী, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম জামিলা বেগম (৩২)। তিনি উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের কৃষক নাছির বিশ্বাসের স্ত্রী।
পরিবারের দাবি, জামিলা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের ভাই আবজাল বিশ্বাস জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন জামিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
পরিবার সূত্রে জানা গেছে, নিহত জামিলা বেগমের দুই কন্যা সন্তান রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।