আহমেদ আকবর
সিলেট
সিলেটের কদমতলী বাস টার্মিনালে হঠাৎ অসুস্থ হয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বিকেলে টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি বিকেলে কদমতলী টার্মিনালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরনে ছিল একটি সাদা ও ধূসর রঙের ফতুয়া এবং লুঙ্গি।ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম বা কোনো সঠিক পরিচয় পাওয়া যায়নি।
তার পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত স্থানীয় থানা অথবা কদমতলী পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।