পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস হাওলাদার ও সহকারী শিক্ষক অমল কৃষ্ণ ডাকুয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম ও দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এখলাছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নির্মল কুমার চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘদিনের শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে তাদের ভূমিকা এবং প্রতিষ্ঠানের প্রতি অবদানের কথা তুলে ধরেন।
তারা বলেন, একজন শিক্ষকের কর্মজীবন শেষ হলেও শিক্ষা ও সমাজের প্রতি তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। বিদায়ী দুই শিক্ষক তাঁদের কর্মজীবনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে অবসরগ্রহণকারী শিক্ষক এইচ এম ইলিয়াস হাওলাদার ও অমল কৃষ্ণ ডাকুয়াকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবাই তাদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।