নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ও উপজেলা বিএনপি-র আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও পৌর বিএনপি-র যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফ হোসেন আপেল এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নিখিল চন্দ্র বর্ম্মনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও মনোযোগী করার জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।