স্টাফ রিপোর্টার সেলিম রেজা:
ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২, সাভার।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক যানবাহন তল্লাশির এক পর্যায়ে একটি সিলভার রঙের নোয়া (NOAH) গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে র্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের পরিচয় দেয় মোঃ জুয়েল মিয়া (২৩) হিসেবে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করা হলে চালকের আসন ও পেছনের সিটের মাঝখানে লুকিয়ে রাখা খাকি রঙের স্কচটেপ মোড়ানো ১২টি পোটলা থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া গাড়ি (রেজিস্ট্রেশন: মেট্রো-চ ১৫-১৯৫৯) এবং একটি স্যামসাং ডুওস বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।