মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা) প্রতিনিধি :
ভোলার দৌলতখান উপজেলায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার চর খলিফা ইউনিয়নের কালু মৃধা বাড়ি সংলগ্ন এলাকায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম রুন্টু মৃধা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুদি ব্যবসা করে আসছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসা শেষে বাড়ি ফেরার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সংঘবদ্ধ ছিনতাইকারী রুন্টু মৃধার পথরোধ করে। এরপর ভয়ভীতি প্রদর্শন করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ব্যবসায়ী রুন্টু মৃধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গলায় ৬টি সেলাই দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
সংবাদ পেয়ে দৌলতখান থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে। আজ (শনিবার) সকালে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এ ঘটনার পর চর খলিফা ইউনিয়নসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬