শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ১,৮৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ‘বিসমিল্লাহ’ নামক একটি হোটেলের সামনে সড়কের ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১,৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শুকুর আলী (পিতা: মৃত নূর হোসেন বেপারী), গ্রাম: সাউদপাড়া, থানা: কলমাকান্দা, জেলা: নেত্রকোনা এবং আবু তাহের (পিতা: মোঃ হোসেন আলী), গ্রাম: গুইলাকান্দা, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।