মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রিয়াজ নবী তালুকদার নান্নু নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী এবিএম জুয়েল তালুকদার জানান, তাঁর বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ছোট দু-পায়া রাস্তা দিয়ে তিনি ও স্থানীয়রা নিয়মিত চলাচল করতেন। কিন্তু গতকাল রাতে প্রতিবেশী রিয়াজ নবী তালুকদার নান্নু ও তাঁর ভাই মিলে ওই রাস্তা বাঁশের বেড়া ও গাছের ডাল পেলে বন্ধ করে দেন। এতে তাঁরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন। বিষয়টির সুষ্ঠু সমাধান ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, ওই রাস্তা দিয়ে গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করে। পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে রিয়াজ নবী তালুকদার নান্নু ও তাঁর ভাই গত রাতে বেস্টনি তৈরি করে পথ বন্ধ করে দেন, যা মোটেও ন্যায়সংগত নয়।
অন্যদিকে অভিযুক্ত রিয়াজ নবী তালুকদার নান্নু অভিযোগ অস্বীকার করে বলেন, “ওটা কোনো সরকারি রাস্তা নয়, বরং আমার নিজস্ব পুকুরের পাড়। পুকুরের নিরাপত্তার জন্যই আমি জায়গাটা ঘিরে দিয়েছি। চলাচলের জন্য বাড়ির সামনের রাস্তা ও স্কুলের পশ্চিম পাশের গুরাট দিয়ে সবাই যাতায়াত করে। তাই তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।