মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা, ব্রাহ্মণপাড়া: মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা প্রচার করে।
র্যালির নেতৃত্ব দেন ড. মোবারক হোসাইন, যিনি র্যালির শেষভাগে উপস্থিত জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন,
“এবারের বিজয় দিবস হোক আমাদের জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। দেশের কল্যাণ ও জাতীয় উন্নয়নের স্বার্থে সকল বিভেদ ভুলে আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হই।”
ড. মোবারক হোসাইন বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সকল স্তরের মানুষকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনার প্রতি উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির খন্দকার শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি আজাদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে ন্যায়, শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর মাঝে একতা, সাহস ও মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।