মোঃ আজিজুর গাজী
জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—“হাত ধোয়ার নায়ক হোন।”
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর স্বাস্থ্য অভ্যাস, যা সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সবার মাঝে গড়ে তুলতে হবে।
এর আগে ফকিরহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।