হামিদুর রহমান, তানোর রাজশাহীপ্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের বাসিন্দা রোকনউদ্দীন মোল্লা এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
এতে করে সোমবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটে জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়–এর প্রধান প্রবেশ পথে। বিদ্যালয়টি তানোর উপজেলার জুমারপাড়া গ্রামে অবস্থিত।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়ক সংলগ্ন একটি নির্দিষ্ট পথ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে আসছিলেন। ওই পথটি বিদ্যালয়ের প্রধান গেট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
তবে সম্প্রতি ওই জায়গাটি নিজের ব্যক্তিগত সম্পত্তি দাবি করে রোকনউদ্দীন মোল্লা সেখানে কাঁটাতার ও বাঁশের বেড়া স্থাপন করেন। ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের মূল প্রবেশ পথ।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউরেকা খাতুন বলেন,“বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়কের পাশে প্রায় ১১ ফুট জায়গা ছেড়ে গেট নির্মাণ করা হয়েছে। এতদিন সবাই এই পথ ব্যবহার করে আসছিল। এখন হঠাৎ করে ওই জায়গায় দোকানঘর নির্মাণের কথা বলে রোকনউদ্দীন মোল্লা কাঁটাতার ও বাঁশের বেড়া দিয়ে স্কুলের প্রবেশ রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে করে আমরা শিক্ষকরা এবং শিক্ষার্থীরা কেউই স্কুলে ঢুকতে পারিনি।”তিনি আরও বলেন,
“খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসেছিলেন। কিন্তু তিনি কোনো কার্যকর সমাধান না দিয়েই চলে যান।”
খবর পেয়ে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে তাৎক্ষণিকভাবে কাঁটাতারের বেড়া অপসারণ না করে বিকল্প রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হয়।
এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন,
“যে জায়গাটুকু নিয়ে বিরোধ তৈরি হয়েছে, সেটি কাগজপত্র অনুযায়ী রোকনউদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি। তিনি এখন তার জমি বিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চান না। সে কারণে তিনি ওই জায়গা ঘিরে দিয়েছেন। তবে বিদ্যালয়ের যাতায়াতের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে।”
দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হওয়ায় ক্ষোভ।
এদিকে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া অত্যন্ত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত।
তাদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।
বিদ্যালয়টি তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামে অবস্থিত এবং প্রতিষ্ঠার পর থেকে ওই পথটিই প্রধান গেট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে জমির মালিকানা দাবি করে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক শ’ শিক্ষার্থী।
স্থানীয়রা বলছেন, বিকল্প রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত দ্রুত অস্থায়ীভাবে হলেও প্রধান প্রবেশ পথ খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।