নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষায় A+ পাওয়া মেধাবী শিক্ষার্থী ফকরুল ইসলাম বৃত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নাগেশ্বরী ডিগ্রি কলেজের পেছনে কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বেডরুমে গলায় গামছা পেঁচানো অবস্থায় বৃত্তকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফকরুল ইসলাম বৃত্ত সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় A+ পেয়েছিল। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন। তার এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা জানান, বৃত্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সম্প্রতি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সে মানসিকভাবে হতাশ ছিল বলে কয়েকজন জানিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।