হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। আগুনে একটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আবাসিক এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে থাকা গোয়ালঘরে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।আগুন লাগার সময় ঘরে অবস্থানরত বানু নামের এক নারী আগুনে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তা সম্ভব হয়নি।
একই সময় গোয়ালঘরে থাকা দুটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
দগ্ধ নারী বানুকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।