তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর সরঞ্জাই ইউনিয়নের ভাগনা পূর্বপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার এসআই (নিঃ) শ্রী উৎপল। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ) মো. আবু নাঈম, এএসআই আসাদুজ্জামান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে ওই গ্রামের মৃত নাজিম উদ্দীন খাঁর ছেলে, কথিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৪৫)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির অভিযোগে ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ।
তানোর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।” স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।