মোঃ শাহজাহান বাশার
কুমিল্লায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গভীর রাতে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে তিনটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত যন্ত্রপাতির সূত্র ধরে সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন।
জব্দকৃত তিনটি এক্সক্যাভেটরের মধ্যে দুটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়, যাতে তা পুনরায় ব্যবহার করা না যায়। অপর একটি এক্সক্যাভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে সবগুলো সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা নষ্ট করে পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের এই আকস্মিক অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।







