হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি:
কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষিপণ্যের সুষ্ঠু পরিবহন, সারের সরবরাহ নিশ্চিতকরণ এবং কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নানা বিষয়ে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল-এর নেতৃত্বে ৩৮ জন কৃষকের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এতে অংশ নেয়।
মতবিনিময় সভায় কৃষকদের দৈনন্দিন কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে কৃষকদের জন্য সারের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্য পরিবহণ নির্বিঘ্ন রাখা, কৃষকদের জমি লিজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং কৃষিকাজে ব্যবহারের জন্য শুল্কমুক্ত সোলার প্যানেল সুবিধা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষিপণ্য উৎপাদনের পর তা বাজারজাতকরণ ও পরিবহণের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়েও ডিআইজির দৃষ্টি আকর্ষণ করেন কৃষক প্রতিনিধিরা।
কৃষক প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। তিনি কৃষকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় ডিআইজি আশিক সাঈদ কৃষকদের উদ্দেশে বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের ভেজালমুক্ত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় কৃষক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিকাজে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব যাতে না পড়ে, সে বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য কৃষক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন ডিআইজি।
তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, ততই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনগণের সচেতনতা এবং পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় কৃষকদের কৃষিপণ্য উৎপাদন ও নিরাপদ বাজারজাতকরণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় শেষে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের নিজ হাতে উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিপণ্য ডিআইজি মোঃ আশিক সাঈদের সামনে প্রদর্শন করা হয়। তিনি কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তাদের কৃষিকাজের জন্য শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।
কৃষকদের উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের কৃষি ও কৃষকের পরিশ্রমের গুরুত্বও তুলে ধরা হয়। কৃষকরা যাতে ন্যায্য সুযোগ-সুবিধা পেয়ে উৎপাদন বাড়াতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়-এর কর্মকর্তাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি কৃষক ও পুলিশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।