শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় এখনো সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ সৃজন ও পদায়ন না হওয়ায় তীব্র ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। ভূমি সংক্রান্ত যেকোনো জটিল কাজে প্রতিদিনই শত শত মানুষকে ২০-৩০ কিলোমিটার দূরে ধর্মপাশা উপজেলা ভূমি অফিসে ছুটতে হচ্ছে।
জানা গেছে, উপজেলা হওয়ার আগেই মধ্যনগর সদর ইউনিয়নে একটি ভূমি অফিস ছিল, তবে তা কেবল খাজনা আদায়ের কাজ করত। বর্তমানে চার ইউনিয়নের মধ্যে দুইটি ভূমি অফিস চালু হয়েছে— সদর ইউনিয়ন ভূমি অফিস ও মহিষখলা বাজারের অফিসে খাজনা সংগ্রহ করা হচ্ছে। তবে এখানে একজন তহশিলদার দায়িত্বে থাকলেও নামজারি, রেকর্ড সংশোধন বা ওয়ারিশ সনদ প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য এখনও ধর্মপাশায় যেতে হচ্ছে।
স্থানীয় কৃষক হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, “ভূমি সংক্রান্ত কাজে ধর্মপাশায় যেতে গিয়ে সারাদিনের কাজ নষ্ট হয়। অনেক সময় কাগজপত্রে সমস্যা থাকলে একাধিকবার যেতে হয়, এতে সময়, অর্থ আর শ্রম—সবই ক্ষতি হচ্ছে।”
প্রশাসনিকভাবে ২০২১ সালে মধ্যনগর উপজেলা গঠনের পর নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর চালু হলেও ভূমি প্রশাসনের জন্য এখনো এসিল্যান্ড পদ অনুমোদন হয়নি। এ কারণে নতুন উপজেলা হয়েও মানুষ পুরোনো দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, “এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন। দ্রুত পদ সৃষ্টি ও নিয়োগ না হলে নতুন উপজেলা হওয়ার সুফল মিলবে না।”
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় জানান, এসিল্যান্ড পদ সৃজন ও পূর্ণাঙ্গ ভূমি অফিস চালুর জন্য বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই অনুমোদন আসবে।
স্থানীয়দের দাবি, পূর্ণাঙ্গ ভূমি অফিস চালু হলে শুধু সময় ও অর্থ সাশ্রয়ই হবে না, সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং দালালচক্রের দৌরাত্ম্যও কমে আসবে।