মোঃ শাহজাহান বাশার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও তার শারীরিক অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
শুক্রবার রাত আনুমানিক এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেন, “শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশ, র্যাব ও সিআইডি সমন্বিতভাবে কাজ করছে। আশা করছি, খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”