মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন–এর উদ্যোগে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দৌলতখান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের আন্দোলন শুধু বাঙালি জাতির গৌরব নয়, বিশ্ব ইতিহাসে ভাষা আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান শাখার হিসাবরক্ষক প্রতিমা রানী, নুর মিয়ার হাট শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজসহ স্থানীয় শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলাতেও একই কর্মসূচি পালন করা হয়। সেখানে এরিয়া ব্যবস্থাপক মজির উদ্দিন, শাখা ব্যবস্থাপক ইসরাফিল এবং বোরহানউদ্দিন ও বোরহানগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সবাই একসঙ্গে কণ্ঠ মিলিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি পরিবেশন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানানো এবং মাতৃভাষা চর্চায় উদ্বুদ্ধ করা আমাদের সবার দায়িত্ব।
উল্লেখ্য, ভোলা জেলায় প্রতিবছর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়ে থাকে, যা ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬