আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলার মানসা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সন্তান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন, ডা. তানভীর মাহমুদ অনিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ মোড়ল নুর মোহম্মদ, শাহিদুর রহমান জোহা, শেখ আতিয়ার রহমান, মোঃ মুস্তাইন বিল্লাহ, আনিচুর রহমান, ইশারাত আলী, দেলেয়ার হোসেন, মোঃ শহিদুল্লাহ, জাফর খাঁ, বীরাঙ্গনা আনোয়ারা খাতুন, মুক্তিযোদ্ধা সন্তান ও বিএনপি নেতা মোড়ল আতিয়ার রহমান, বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন তার বক্তব্যে বলেন,
“১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গভীর শোকাবহ দিন। স্বাধীনতার ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে আমাদের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলা।”
তিনি আরও বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বাতিঘর। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আজকের প্রজন্মের দায়িত্ব হলো তাদের আদর্শ ধারণ করে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা।”
তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা শুধু একটি পেশার প্রতিনিধি ছিলেন না, তারা ছিলেন জাতির বিবেক। তাদের হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।”
তিনি বলেন,
“আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ আবেগঘন কণ্ঠে বলেন,
“আমি নিজ চোখে দেখেছি ১৯৭১ সালের সেই ভয়াল দিনগুলো। বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন অনেক কিছু হারিয়েছি, যা আর কোনোদিন পূরণ হওয়ার নয়।”
তিনি আরও বলেন,
“আজকের তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্মান করে, তাহলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।”
বীরাঙ্গনা আনোয়ারা খাতুন বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির অহংকার। তাদের আত্মত্যাগের কথা মনে করলে আজও হৃদয় ভারী হয়ে আসে। স্বাধীনতা সহজে আসেনি, লাখো শহীদের রক্ত আর মা-বোনদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি।”
তিনি বলেন,
“নারী ও পুরুষ সবাইকে একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তবেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে।”
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফকিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত সুধীজনেরা।