বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীকে সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল। এক বিবৃতিতে তিনি বলেন, রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ।
তিনি আরও বলেন, এই মাস আমাদের ধনী-গরিবের ব্যবধান কমাতে শেখায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। রোজার মাধ্যমে মানুষ আত্মনিয়ন্ত্রণ ও আত্মসমালোচনার চর্চা করে, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল সকলকে বেশি বেশি ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তিলাওয়াত এবং দান-সদকা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, রমজানের পবিত্রতা ও শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার ভিত্তি আরও সুদৃঢ় হবে।
পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।