নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন
আধুনিকতার ছোঁয়া ও প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্দীপ্ত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো জমজমাট দাঁড়িয়াবান্দা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরাহাট (টালানাপা) গ্রামে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই দাঁড়িয়াবান্দা খেলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, শক্তি ও ঐক্যের এক অমূল্য প্রতীক। গ্রামীণ এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার এমন সুন্দর ও সময়োপযোগী আয়োজন করায় সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. আব্দুল গণি মিয়া। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুল ইসলাম।
ফাইনাল খেলায় স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। টানটান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি খাসি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস প্রদান করা হয়।
এমন আনন্দঘন ও ঐতিহ্যবাহী আয়োজনে স্থানীয় শত শত দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের মনে দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে।