হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসেবার মান বৃদ্ধি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলার সাব-রেজিস্ট্রার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আমির আলমগীর হোসেন ও উপজেলা আমীর আনিসুর রহমান এবং উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাস। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণের জন্য সহজ ও দ্রুত সেবা প্রদান, দালালচক্র নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবাগুলোকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং হয়রানিমুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন,
“জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে প্রশাসনকে আরও দায়িত্বশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে। সেবা নিতে এসে যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, একটি দক্ষ, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় উপস্থিত বক্তারা প্রশাসনের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে দায়িত্বশীল আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলেই মতবিনিময় সভার গুরুত্ব তুলে ধরেন।