সিরাজগঞ্জ প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন।
এর আগে, কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। গত ১৩ এপ্রিল পাঠানো ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্যে এমপি আমির হামজা দাবি করেন—বর্তমান ডিসি কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে আরও বলা হয়, ৭ দিনের মধ্যে তিনি যেন ওই অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন।
এদিকে, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে একাধিক মানহানির মামলাও দায়ের করা হয়েছে। গত ২ এপ্রিল আদালত একটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার বাদী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, মন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়া মানহানিকর হওয়ায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া, একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।