• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে পাঠদান; চরম ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবার গ্রামেই, দক্ষিণ জয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫০ রোগীর চিকিৎসা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশ:

মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার | ঢাকা | ৩০ জুলাই ২০২৬

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত আন্তর্জাতিক মানবপাচার ও প্রতারণা চক্র ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক খাত, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত “Trapped Behind the Scam: Ending Human Trafficking for Forced Criminality” শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের ধরন দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং অপরাধীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে ব্যবহার করে তরুণ-তরুণী ও চাকরিপ্রত্যাশীদের বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখাচ্ছে। বিদেশে নেওয়ার পর অনেককে অনলাইন স্ক্যাম সেন্টারে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে, যা বর্তমানে আন্তর্জাতিক অপরাধের অন্যতম উদ্বেগজনক রূপে পরিণত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় শুধু প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থা যথেষ্ট নয়। প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক খাত, আন্তর্জাতিক অংশীদার এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রতিরোধ কাঠামো গড়ে তুলতে হবে।

সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে অনলাইন স্ক্যাম, ডিজিটাল প্রতারণা, ভুয়া নিয়োগ, প্রযুক্তিনির্ভর প্রলোভন এবং জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। এছাড়া প্রতিরোধ, সুরক্ষা, বিচার ও অংশীদারিত্ব—এই চারটি মূল স্তম্ভকে সামনে রেখে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০) চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে।

ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ন্যাশনাল রেফারেল মেকানিজম (NRM) আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে মানবপাচারের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনা যায়। একই সঙ্গে তথ্যভিত্তিক নীতিনির্ধারণ ও কার্যকর কেস ট্র্যাকিং নিশ্চিত করতে একটি আধুনিক ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।

তিনি তরুণ সমাজ, নারী ও বিদেশগামী কর্মপ্রত্যাশীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি, সিআইডি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা, কূটনৈতিক কোর, বিভিন্ন মন্ত্রণালয় এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে অনলাইন স্ক্যাম, প্রতারণামূলক নিয়োগ ও জোরপূর্বক অপরাধে মানবপাচার রোধে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে জাতীয় সংলাপের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd