নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
নাগেশ্বরী পৌরসভার ২ নং ওয়ার্ডের বকশির খামারের এলাকার জনদুর্ভোগ লাঘব এবং সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয়দের প্রিয় মুখ, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: আশরাফুল ইসলাম ইসরাইল।
সম্প্রতি তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আশার মোড় থেকে নাখারগঞ্জ রোড সংলগ্ন বকশির খামার এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করেছেন।
দীর্ঘদিন ধরে আশার মোড় থেকে নাখারগঞ্জ রোড হয়ে বকশির খামার পর্যন্ত চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় পড়ে ছিল। ফলে যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো।
বিষয়টি নজরে আসার পর জনস্বার্থে মো: আশরাফুল ইসলাম ইসরাইল সম্পূর্ণ ব্যক্তিগত খরচে ইট, বালি ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এনে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
রাস্তা সংস্কার কাজ সমাপ্তি উপলক্ষ্যে মো: আশরাফুল ইসলাম ইসরাইল বলেন, “জনগণের সেবা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া আমার নৈতিক দায়িত্ব।
সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা না করে সাধারণ মানুষের তাৎক্ষণিক যাতায়াত কষ্ট দূর করতেই আমি নিজ উদ্যোগে এই কাজটি করেছি। এলাকার যেকোনো নাগরিক সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে জনগণের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছিল। এবং রাস্তার মধ্যে রাস্তা ডেবে যাওয়ার কারণে অটো এক্সিডেন্ট করে মহিলা মারা গেছে এবং অনেক অটো চালক ও যাত্রী গুরুতর অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে।
সাবেক এই প্যানেল মেয়রের এমন মানবিক ও উন্নয়ন মূলক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগের জন্য সাবেক কাউন্সিলর মো: আশরাফুল ইসলাম ইসরাইলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মো: আশরাফুল ইসলাম ঈসরাইল ইতিপূর্বেও এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নিজ অর্থায়নে অবদান রেখে সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।