মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা।
ভোলা-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এলাকার অসচ্ছল পরিবার ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও টিন বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পরিবেশ রক্ষায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুর ১:৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ বহুমুখী যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও সংবর্ধনা প্রদান। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে উৎসাহিত করা হয়, যা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, আজকের কোমলমতি কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাদের যথাযথ মূল্যায়ন ও পড়াশোনার সুন্দর পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। এ সময় সমাজ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কড়া হুঁশিয়ারি দেন এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দেন মাদকের সাথে যুক্ত, সেবনকারী কিংবা পৃষ্ঠপোষক পরিচয় যাই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তিনি অভিভাবক ও এলাকার সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার গৃহহীন ও দুস্থ পরিবারের মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের জন্য গৃহনির্মাণ সামগ্রী (টিন) ও প্রয়োজনীয় নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সাথে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনে নগদ অর্থের চেক এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান প্রদান করা হয়।
বিতরণ শেষে উপকূলীয় অঞ্চলকে সবুজ বেষ্টনীতে পরিণত করা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপজেলা প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, দুস্থ মানুষের গৃহসংস্থান, শিক্ষার্থীদের উৎসাহিতকরণ এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এই সমন্বিত উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির মেম্বার, সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজ, যুগ্নু আহবায়ক মোসলে উদ্দিন লাভু । এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ও দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবদুল মতিন খান জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। এছাড়া রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬