মোঃ শাহজাহান বাশার,
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব হাসিনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস অভিযানিক দল বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে রনি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত রনির পিতার নাম কালু মিয়া। তার বাড়ি কাশিপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত রনির হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
* ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার
* ৪টি কাঠের তলোয়ার
* ১টি চাকু
* ১টি স্টিলের এসএস তৈরি কুড়াল
* ১টি এসএস পাইপ
উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।