শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চোরাচালানকৃত মালামাল ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ ) সন্ধ্যায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহেষখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আব্দুল আলী ওরফে আলীমকে গ্রেফতার করেন। তিনি উপজেলার সাউদপাড়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
পুলিশ আরও জানায়, বিজিবির কাছ থেকে চোরাচালানকৃত মালামাল মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই দিনে উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাইকুলকে আটক করা হয়। তিনি চান্দালীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের রাত সাড়ে ৯টার দিকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করা হবে।