শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর, বাঘেরপাড়া, জয়পুর, হরিনাকান্দি, চাঁনপুর ও চান্দালিপাড়া গ্রামের পাশের এরণ বিলের প্রায় সাড়ে ৩০০ একর ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের কাজ করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিলে জমে থাকা পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
বর্তমানে কৃষক ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে প্রায় ২০টি সেলু মেশিন দিয়ে বিলে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করছেন। ফসল রক্ষায় দিন-রাত পরিশ্রম করছেন কৃষকরা।
স্থানীয় কৃষক আবু সালেহ আহমদ বলেন, একসময় এরণ বিলের পানি হামিদপুর গ্রামের পশ্চিম পাশের জামগড়া খাল দিয়ে মনাই নদীতে প্রবেশ করত। কিন্তু বর্তমানে চৌরাস্তা থেকে বিশরপাশা এলাকায় যাতায়াতের সুবিধার জন্য ওই খালে ব্রিজ বা কালভার্ট না দিয়ে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা আরও জানান, অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের কাজ চললেও স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও একই সমস্যার মুখোমুখি হতে হবে। তারা জামগড়া খাল পুনঃখনন এবং যাতায়াতের রাস্তার ক্ষতি না করে ব্রিজ বা কালভার্ট নির্মাণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।