মোঃ শাহজাহান বাশার
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা অর্জনকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁকে একজন দক্ষ, সৎ, মানবিক ও জনবান্ধব প্রশাসক হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, তাঁর বিদায়ে ব্রাহ্মণপাড়া একজন কর্মদক্ষ ও জনগণের আস্থাভাজন কর্মকর্তাকে হারালো।
শনিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সাব-রেজিস্ট্রার দীপঙ্কর দাস, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন।
বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে মাহমুদা জাহান প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর কার্যকর নেতৃত্ব সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টা তাঁকে একজন জনবান্ধব ইউএনও হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
বিদায়ী বক্তব্যে মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। এই কর্মস্থলের স্মৃতি তিনি আজীবন মনে রাখবেন। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, “মাহমুদা জাহান সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ব্রাহ্মণপাড়ার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তাঁর স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি ব্রাহ্মণপাড়াবাসীর জন্যও গর্বের বিষয়।”
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা পরিষদ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ করতালির মাধ্যমে তাঁকে বিদায় জানান।