মোঃ শাহজাহান বাশার
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি বলেছেন, প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, তাহলে ৫ আগস্টের মতো পরিস্থিতি দেশের যেকোনো নির্বাচনী এলাকায় সৃষ্টি হতে পারে।
রোববার এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষকে সুবিধা দেওয়া হলে তার ফল ভয়াবহ হতে পারে।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। অতীতে দেশে যে গণআন্দোলনের সৃষ্টি হয়েছিল, সেটি আবারও ঘটতে পারে—এ কথা মনে রেখেই দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া বা প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর আগে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার একটি সভা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় এক সমর্থককে জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।