শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত শাহাব উদ্দিন চৌধুরী ওই গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।