শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরপাড়ের গ্রামগুলোতে নেমে এসেছে জীবিকার সংকট। একসময় হাওরের মাছ আর মৌসুমি ফসল ছিল এ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা। কিন্তু এখন আর মাছ ধরা কিংবা কৃষিকাজে লাভ নেই।
হাওরের পানির অনিয়মিত ওঠানামা, অতিবৃষ্টি ও প্রাকৃতিক পরিবর্তনে কমে গেছে মাছের উৎপাদন। একই সঙ্গে কৃষিকাজেও ঘন ঘন ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। ফলে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে হাওরপাড়ের মানুষদের জন্য।
জীবিকার বিকল্প না থাকায় অনেকেই এখন গ্রাম ছেড়ে শহরে কাজের সন্ধানে পাড়ি জমাচ্ছেন। কেউ যাচ্ছেন দিনমজুরি করতে, কেউ আবার গার্মেন্টস বা অন্যান্য শ্রমভিত্তিক কাজে। ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে এক সময়ের প্রাণবন্ত হাওরপাড়ের গ্রামগুলো।
স্থানীয়রা বলছেন, টাঙ্গুয়ার হাওর এলাকায় টেকসই মাছ চাষ ও কৃষি উন্নয়নে সরকারি উদ্যোগ না এলে এই অঞ্চল থেকে মানুষের জীবন-জীবিকা বিলীন হয়ে যাবে।