মিজানুল ইসলাম বকুল
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ রেলওয়ের এসএসএই/ওয়ে অফিসে সংঘটিত হয়েছে একটি বড় ধরনের চুরির ঘটনা। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান, দরজা ভিতর থেকে বন্ধ এবং জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত পুলিশ ও আরএনবি সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে অফিসে প্রবেশ করে তদন্ত শুরু করেন।
পরীক্ষা করে দেখা যায়, অফিস থেকে লিফটিং জ্যাক ২টি (৫ টন), গাছ কাটার মেশিন ১টি, ড্রিল বিট ৮টি, ট্রলির পিনিয়াম ১টি, হ্যামার ৫টি (৫ পা), হ্যান্ড ড্রিলিং জোগান ১টি, হ্যান্ড ড্রিলিং রেসেট ১টি, জ্যাক রেসেট ৩টি, রেলের টুকরা (৪” ও ৬”) ১০টি এবং জল মোটর ১টি চুরি হয়েছে।
ঘটনার পর অফিসের টাইমকিপার (ভারপ্রাপ্ত) মোঃ নোমান মিয়া একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) আনিসুজ্জামান পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ রেলস্টেশনের পাশেই রেলওয়ে থানার অতি নিকটে অবস্থিত এই অফিসের পাশে রয়েছে একটি পরিত্যক্ত সরকারি বাসভবন (পিডব্লিউ কোয়ার্টার)। দীর্ঘদিন ধরে ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি ওই ভবনের টিনের ছাউনি ও অন্যান্য মালামালও অজ্ঞাত একদল চক্র খুলে নিয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, এই চক্রই অফিসে সংঘটিত চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা পরিত্যক্ত সরকারি ভবনগুলোর দ্রুত সংস্কার, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং মাদকসেবীদের উৎখাতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”