হামিদুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটপ্রধানদের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ।
সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মাদক, সাইবার অপরাধ, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, তৎপর এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার, মাদকবিরোধী অভিযান আরও জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের ওপর গুরুত্ব দেন ডিআইজি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় গত জুন ও জুলাই-২০২৬ মাসে রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি মোঃ আশিক সাঈদ।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে ডিআইজি তাদের কর্মদক্ষতা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে আরও আন্তরিক, দক্ষ ও পেশাদার হওয়ার জন্য উৎসাহিত করেন।
সভায় রাজশাহী রেঞ্জের অধীন বিভিন্ন জেলা ও ইউনিটের সার্বিক অপরাধ পরিস্থিতি, পুলিশের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল ইউনিটের মধ্যে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।