দক্ষিণ সুরমা প্রতিনিধি
আহমেদ আকবর
সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন কীনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র্যাব-৯-এর এক সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তবে ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় ছুরি সহ ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য্য (বিপি- ৯৮১৮২۱۹২০৫)। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে কীনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করে। ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে সেখানে উপস্থিত র্যাব সদস্য ইমন আচার্য্যও তাকে ধরার জন্য পিছু নেন।
তিনি ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলার সাথে সাথেই অপরাধী তার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ‘আইসিসিইউ-২’ (ICCU-2) তে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে শহিদ ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরেই সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলের অনতিদূরে হামলাকারী ছিনতাইকারীকে রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।