হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:
দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ আয়োজনে রাজশাহীর বিশিষ্টজন, সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজশাহীর গণমাধ্যম অঙ্গনের অসংখ্য সাংবাদিক। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের রাজশাহী স্টাফ রিপোর্টার মোমিন ওয়াহিদ হিরো। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব এবং সফল সমন্বয়ের ফলে বর্ষপূর্তি অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয় বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং রাজশাহীর সাংবাদিক সমাজ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। এমন সফল ও সুন্দর আয়োজনের অংশ হতে পেরে রাজশাহী মডেল প্রেসক্লাব সত্যিই গর্বিত ও মুগ্ধ।
অনুষ্ঠান শেষে মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও কলাকুশলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।