নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের হাসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টালানাপা গ্রামের স্বামীহারা ও আশ্রয়হীন মোছাঃ এজি বেগম দীর্ঘ দিন ধরে অন্যের ওপর ভরসা করে দিন কাটাচ্ছিলেন। নিজস্ব কোনো জমি বা ঘরবাড়ি না থাকায় দুই মেয়ের জামাইয়ের বাড়িতে ভিটেহীন জীবনযাপন করছিলেন তিনি। অবশেষে মানবিক উদ্যোগে তার জন্য তৈরি হচ্ছে নতুন স্থায়ী ঠিকানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বিত্তবান মকবুল হোসেনের জমিতে এজি বেগমকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টিতে সাড়া দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে প্রাথমিক কিছু মানবিক সহায়তা প্রদান করে। ফলে ঘরের প্রাথমিক কাজ শুরু করা সম্ভব হয়েছে।
তবে ঘরের নির্মাণকাজ পুরোপুরি শেষ করা এবং সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরির জন্য আরও সহায়তার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ‘হাসনাবাদ যুব ও সমাজ কল্যাণ সংস্থা’ ও ‘অগ্রপথিক’-এর সভাপতি এবং ‘ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রাম’-এর সহ-সভাপতি মো. হেলাল হোসেন জানান, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের সামাজিক কাজের মূল উদ্দেশ্য।
এই উদ্যোগের সম্পূর্ণ কৃতিত্ব উপজেলা প্রশাসন ও ইউএনও-কে দিয়ে হেলাল হোসেন বলেন, “ইউএনও স্যার এগিয়ে আসায় ঘরের প্রাথমিক কাজ শুরু করা গেছে। তবে ঘরটির কাজ পুরোপুরি শেষ করতে আরও সাহায্যের প্রয়োজন।
এ ছাড়া ওনার নিজস্ব কোনো টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থা নেই, যা অতি জরুরি।”
তিনি আরও আহ্বান জানিয়ে বলেন, “কোনো সহৃদয়বান ও বিত্তবান ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে এগিয়ে এসে ওনাকে সহায়তা করেন এবং একটি টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থা করে দেন, তবে এই অসহায় নারীটি বাকি জীবন শান্তিতে কাটাতে পারবেন। মানবিক দিক বিবেচনা করে সমাজের দানশীল ব্যক্তিদের এই উদ্যোগে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।”