মোঃ আজিজুল গাজী
জেলা প্রতিনিধি বাগেরহাট
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা। এর ফলে গ্রাহকরা একই সিম কার্ডের মাধ্যমে ভয়েস কল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদন সুবিধা একসাথে উপভোগ করতে পারবেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান। তিনি বলেন, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা শর্তসাপেক্ষে ভয়েস কল, ইন্টারনেট ডাটা এবং ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গবিডি, চরকি ও হইচই দেখতে পারবেন। পরবর্তীতে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমও যুক্ত হতে পারে।
এছাড়া নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য স্মার্টফোন কেনা সহজ করতে বিটিসিএল আনছে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, কেবলমাত্র নতুন উদ্যোগ নিলেই হবে না; বিটিআরসির প্রক্রিয়াগত উন্নয়ন এবং সাধারণ গ্রাহকদের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন সেবা নিশ্চিত না হলে এ উদ্যোগও আগের মতো ব্যর্থ হতে পারে।
টেলিকম বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, “বিটিসিএলের ব্রডব্যান্ড সেবা দীর্ঘদিন ধরে চালু আছে, কিন্তু সেটির পরিধি সীমিত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই এ সেবা সীমাবদ্ধ রয়ে গেছে। এর বড় কারণ হলো, সেবার প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়।”
বিটিসিএলের নতুন উদ্যোগে মোবাইল সিম, স্মার্টফোন, ডাটা, ভয়েস কল ও ওটিটি মিলিয়ে মোট পাঁচটি সেবা গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।