হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার লবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন থানার এসআই জাহাঙ্গীর আলম। এসময় তার সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—
সমসসপুর গ্রামের গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেন (৩৬) এবং কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল এলাকার আশরাফুল কারিগরের ছেলে সোহান কারিগর (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন,
“মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এদিকে তানোর থানা পুলিশের এমন অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই।