মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম—এমন মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। তরুণদের শক্তিকে কাজে লাগিয়েই তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে চান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা, সাহস ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশ এগোবে না। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণ সমাজের জন্য টেকসই ও সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, এই অঞ্চলে শিল্পায়ন, কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নেওয়া হবে।
নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে, যাতে পরিবার ও সমাজে নারীদের অর্থনৈতিক ভূমিকা আরও সুদৃঢ় হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণ প্রকৃত তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর নীতি, আদর্শ ও উন্নয়ন ভাবনা মানুষের কাছে তুলে ধরতে আপনাদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।
সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, আল আমিন, শান্তসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।